আগামী দিনে জাতীয় পার্টি সরকার গঠন করবে এমন দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ বলেছেন, ‘মানুষ আমার কাছ থেকে বার্তা চায়। আমার প্রথম বার্তা হলো- আমরা ইতিহাস সৃষ্টি করবো। আগামী নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করবো। তাই আমরা প্রস্তুত, আপনারা প্রস্তুত, দেশ প্রস্তুত।’
শনিবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আজকের সমাবেশ মহা জনসুমদ্র। আমরা প্রমাণ করেছি, জাতীয় পার্টি আজ শক্তি অর্জন করেছে ক্ষমতায় আসার জন্য। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ইতিহাস সৃষ্টি করবে।’
তিনি বলেন, ‘মানুষ কি চায়? শান্তি চায়। শান্তিতে ঘুমাতে চায়। আমরা ক্ষমতায় আসলে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। দেশে শান্তি আসবে। আমরা ক্ষমতায় আসলে যুবসমাজ রক্ষা করবো, নারী সমাজ রক্ষা করবো।’
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘দুইটা দল বারবার ক্ষমতায় আসেছে। কিন্তু তারা জনগণকে কি দিয়েছে? জনগণকে অন্যায়, অত্যাচার ছাড়া কিছুই দিতে পারে নাই। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে মানুষকে শান্তি দিবে।’





