ঝিনাইদহের আটক ৪ শিবির নেতার সন্ধান, গুপ্তহত্যার সাথে ছাত্রশিবিরকে জড়িয়ে পরিকল্পিত মিথ্যাচার বন্ধ এবং গণগ্রেপ্তারে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ২১ জুন মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, নিজেদের সীমাহীন ব্যর্থতাকে আড়াল করতে এবং রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়ন করতে ছাত্রশিবিরকে টার্গেট করেছে সরকার। এ জন্য তারা পুলিশ ও কিছু গণমাধ্যমকে ব্যবহার করছে।

শিবির নেতৃবৃন্দ বলেন, সাঁড়াশি অভিযানের নামে গত ১৩ই জুন পুলিশ ঝিনাইদহ থেকে শিবির নেতা শহীদ আল মাহমুদ এবং ১৬ই জুন ঢাকার মোহাম্মদপুর থেকে শিবির নেতা ইবনুল ইসলাম পারভেজ, এনামুল হক ও আনিসুর রহমানকে গ্রেপ্তারের পর অস্বীকার করে। সংগঠন ও পরিবারের পক্ষ থেকে বার বার বিবৃতি প্রদানের মাধ্যমে তাদের মুক্তির দাবি জানালেও সরকার ও প্রশাসন তাতে কর্ণপাত করছেনা। অন্যদিকে গুপ্তহত্যায় ছাত্রশিবিরকে জড়িয়ে প্রধানমন্ত্রী ও পুলিশ একের পর এক মিথ্যাচার করে চলছেন। আর কিছু গণমাধ্যম তাতে রং মাখিয়ে প্রচার করেছে।

নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি সাঁড়াশি অভিযানের নামে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন অভিযান চালিয়েছে। তাতে শত শত নিরাপরাধ শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এতে প্রমাণ হয় ছাত্রশিবিরকে টার্গেট করে যৌথ মিশনে নেমেছে সরকার ও পুলিশ। এ নিপীড়ণ কিছুতেই মেনে নেয়া যায়না। তাই ঝিনাইদহের আটক ৪ শিবির নেতার সন্ধান, গুপ্তহত্যার সাথে ছাত্রশিবিরকে জড়িয়ে পরিকল্পিত মিথ্যাচার বন্ধ এবং গণগ্রেপ্তারে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ২১শে জুন মঙ্গলবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করছি।

তারা আরো বলেন, আমরা ছাত্রশিবিরের সকল নেতা-কর্মীদের দেশপ্রেমিক জনতা ও ছাত্রসমাজকে সাথে নিয়ে শান্তিপূর্ণ উপায়ে এ কর্মসূচি পালন করার জন্য আহবান জানাচ্ছি।

এমআইএস