দেশের চলমান সন্ত্রাস-নাশকতা বন্ধ না করলে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না বলে সফররত ইউরোপীয় পার্লামেন্টের (ইপি) প্রতিনিধিদলকে সাফ জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ইপি’র মানবাধিকার বিষয়ক উপ-কমিটির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা জানান  ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ।

বৈঠকের শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী সাংবাদিকদের বলেন, আমরা ইপি প্রতিনিধি দলকে জানিয়েছি- ভায়োলেন্স (সহিংসতা) এবং ডায়ালগ (সংলাপ) আলাদা জিনিস। ডায়ালগের আগে অবশ্যই ভায়োলেন্স বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় আসার আগে কথা বলা যাবে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করাসহ নতুন নিয়ম হতে পারে। তবে তা অবশ্যই হতে হবে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে।

ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান দান প্রেদা নেতৃত্বাধীন প্রতিনিধিদলের কেউ কোনো কথা সাংবাদিকদের বলেননি।

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন, মসিউর রহমান, এইচ টি ইমাম, এম জমির, সৈয়দ আশরাফুল ইসলাম, দীপু মনি, ফারুক খান, আবদুস সোবহান গোলাপ ও অসীম কুমার উকিল।

উল্লেখ্য, অংশগ্রহমূলক নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াত জোটের লাগাতার আন্দোলনের মধ্যে সোমবার ঢাকায় আসা প্রতিনিধিদলটি মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে। বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন এ দলটি।

এমআর/কেএইচ/এসএইচ