বিএনপির ৩ নেতার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনাকে সরকারের চরম প্রতিহিংসামূলক জুলুম ও নির্যাতনের বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
তিনি বলেছেন, অবৈধ ও অগণতান্ত্রিক সরকার জনরোষ থেকে বাঁচতে জনদৃষ্টিকে আড়াল করতেই নেতাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছে।
রোববার সন্ধ্যায় দলের দফতরের দায়িত্বে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বেগম জিয়া বলেন, দেশবাসীর গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলার অপরাধেই দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা এক অদ্ভুত হীরক রাজার দেশে বাস করছি যেখানে এক ব্যক্তির খেয়ালখুশীতেই দেশ চলছে, যেখানে সত্যের পক্ষে কথা বলার কোনো অধিকার কারও নেই। বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী প্রতিনিয়ত বিরোধী দলের নেতা-কর্মীদেরকে বেছে বেছে গুম, খুন ও পাইকারী হারে গ্রেফতারের মধ্য দিয়ে গোটা দেশকেই এক ভয়ংকর বন্দীশালায় পরিণত করেছে।
তিনি বলেন, বিরোধী দলকে ধ্বংস করতে বর্তমান অবৈধ সরকারের মহাপরিকল্পনা কখনোই আলোর মুখ দেখবে না। আওয়ামী লীগ কখনোই মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করেনি, কারণ আওয়ামী লীগের ঐতিহ্যই হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সব সময়ই অবজ্ঞা প্রদর্শণ। স্বৈরাচারী নীতির কারণেই অতীতে তাদের পরিনতি ভাল হয়নি, আগামীতেও হবেনা।
বেগম জিয়া জোর দিয়ে বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ন্যাক্কারজনক মামলা দিয়ে গ্রেফতার করে চলমান আন্দোলনকে দূর্বল করা যাবেনা, বরং সংগ্রামী জনগণ অবৈধ সরকারের সকল অনাচারের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামকে নি:শর্ত মুক্তি দেয়ার জোর দাবি জানান।
ঢাকা, এমএইচ, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
রাজনীতি
জনদৃষ্টিকে আড়াল করতেই নেতাদের জেলে নেওয়া হয়েছে: খালেদা
বিএনপির ৩ নেতার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনাকে সরকারের চরম প্রতিহিংসামূলক জুলুম ও নির্যাতনের বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া





