স্বাধীনতার ৪৩ বছর পরেও গণতন্ত্রের খুঁটিগুলোকে শক্তিশালী করার বদলে ধ্বংস করা হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জেনারেল (অব.)মাহবুবুর রহমান বলেছেন, গণতন্ত্রের চুতুর্থ ও শেষ খুঁটি হচ্ছে বাকস্বাধীনতা। বর্তমান সেটাকেও গলা টিপে হত্যা করা হচ্ছে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রসপারেটি সোসাইটি আয়োজিত ‘চ্যালেঞ্জ অব ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, রাজনৈতিক সমাজ অসুস্থ হয়ে পড়েছে। এই ৪৩ বছরে আমাদের রাজনৈতিক সমাজ একটু একটু করে অসুস্থ হয়ে পড়েছে। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত হয়নি। তাই গণতন্ত্রের উন্নতি হয়নি বরং গণতন্ত্র ধ্বংস হয়ে পড়েছে।
সরকারের আচরনে বর্তমান জনগন অতিষ্ঠ এই অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, বর্তমান একদলীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এতে গণতন্ত্রের মৃত্যু হয়েছে যার সঙ্গে আমাদের স্বাধীনতার চেতনার কোনো সম্পর্ক নেই।
জাতীয় সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান আ স ম আব্দুর রব বলেন, জনগণের বেঁচে থাকায় অধিকার সরকারকেই নিশ্চিত করতে হবে। এতে সরকার ব্যর্থ হলে তাদেরকে তালাক দিতে হবে, তালাক মানে ‘না’ ভোট, যেটা তারা আগেই কৌশলে বন্ধ করে দিয়েছে।
জাতীয় সম্প্রচার নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যমকে তালা দেয়া হচ্ছে না। সম্প্রচার নীতিমালা করে সরকার ১৭ কোটি মানুষের মুখে তালা দিতে চাচ্ছে।
সেন্টার ফর ফরেন এ্যাফেয়ার্স স্টাডিজের চেয়ারম্যান অ্যাম্বাসেডর আশফাকুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্যে রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সেলিম প্রমুখ।
ঢাকা, এমএইচ, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসআর





