বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকার দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংশ করে এখন সংসদীয় গণতন্ত্র ধ্বংস করছে। অপরদিকে প্রধানমন্ত্রী সংবিধান ধ্বংস করে একক ক্ষমতার অধিকারী হয়েছেন।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নির্বাচন পরবর্তী দেশব্যাপী খুন, ঘুম, গুপ্ত হত্যা এবং শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ধানমণ্ডি থানা শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দশ ট্রাক অস্ত্র মামলায় কোন যুক্তিতে খালেদা জিয়া এবং তারেক রহমান জড়িত এমন প্রশ্ন করে আবদুল্লাহ আল নোমান বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এই অস্ত্র আটক এবং মামলা করা হয়েছে। অথচ সরকার এখন বলছে এই অস্ত্রের সাথে খালেদা জিয়া এবং তারেক রহমান জড়িত।
ধানমণ্ডি থানার শ্রমিক দলের সভাপতি বাবুল সর্দারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপি’র নির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসিম, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাফরুল হাসান, শ্রমিক দলের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ ধানমণ্ডি থানার নেতৃবৃন্দ।
[b]ঢাকা, এমএইচ, ৫ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এসএইচ[/b]