আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও হাজী মোহাম্মদ সেলিম।
এদিগে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম।
আজ বুধবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেনএই তিন জনের পক্ষের লোকজন।
বেলা তিনটার দিকে মেয়র আতিকুলের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন ইমন এবং ছোট ভাই আবু মাহমুদ খান মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেন।
আর বেলা সোয়া তিনটার দিকে ঢাকা-১০ আসনে সরকারদলীয় সাংসদ শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তত ১০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিক্রি চলবে শুক্রবার পর্যন্ত। ২৫ হাজার টাকায় মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে।
এএস





