শনিবার মিরপুরের বিহারি কলোনিতে পুড়িয়ে মারার ঘটনার অনুসন্ধান চলছে। ঘটনা লুকানো হবে না। প্রকৃত তথ্য সবার সামনে তুলে ধরা হবে। অনুসন্ধানের পর জানানো হবে কারা এর সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার সচিবালয়ে তার নিজ কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শুক্রবার রাতে আতশবাজি ফোটানোর ঘটনায় বিহারি কলোনিতে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৯জন আগুনে পুড়ে মারা যান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপনারা যতটুকু জেনেছেন, আমরাও ততটুকুই জেনেছি। ঘটনার অনুসন্ধান চলছে।
ঘটনার বিষয়ে প্রকৃত তথ্য জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমার মনে হয়, তদন্তের আগে বলা ঠিক হবে না। তবে আমরা ঘটনা লুকাবো না, বিভ্রান্ত করবো না। অনুসন্ধান শেষে সঠিক তথ্যটাই আপনাদের কাছে তুলে ধরবো।
মিরপুরের ঘটনায় বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে এ বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অনেকেই অনেক কিছু বলবে, নিজেদের ফায়দা নেওয়ার জন্য।
তিনি বলেন, আমি অনুসন্ধানের প্রতিবেদন পেলে তারপর প্রকৃত তথ্য তুলে ধরবো। আমরা কোনো বিভ্রান্তিমূলক তথ্য জানাতে চাই না।
ঢাকা,আইএম, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





