জাতীয় সম্প্রচার নীতিমালা সংবিধান ও গণতন্ত্র বিরোধী মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন,মন্ত্রিপরিষদে পাস হওয়া সম্প্রচার নীতিমালা সংবিধানের ৩৯ অনুচ্ছেদের পরিপন্থী। সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে স্বাধীন মত প্রকাশের অধিকার সংরক্ষিত আছে। কিন্তু সম্প্রতি যে জাতীয় সমপ্রচার নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেটি সংবিধানের এই অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। সুতরাং এটি সংবিধান ও গণতন্ত্র বিরোধী।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, সরকার নিজেদের অপকর্ম আর দুর্নীতি যাতে প্রকাশ না পায় সেজন্য এই ব্যবস্থা নিয়েছে। তারা তাদের অপকর্ম ঢেকে রেখে নির্বিঘ্নে ক্ষমতায় টিকে থাকতে চায়। অবৈধভাবে ক্ষমতায় এসে সরকার এখন সেই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতেই সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছে। তাদের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
তিনি বলেন, এই নীতিমালা যদি আর কয়েক মাস আগে করত তাহলে নারায়ণগঞ্জের ৭ হত্যাকান্ডের খবর জনগণ জানতে পারত না। কারণ, নীতিমালায় বলা হয়েছে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কিছু লেখা যাবে না। অর্থাৎ ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত র্যাছব কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো কথা সংবাদপত্র লিখতে পারতো না।
বিচারকদের নিয়ন্ত্রণ করার জন্যই সরকার অভিসংশন আইন পাস করতে যাচ্ছে মন্তব্য করে সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী বলেন, সংবিধানের ৯৬ নং অনুচ্ছেদে বিচারকদের অপসারণের ক্ষমতায় সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যাস্ত করা হয়েছে। কিন্তু সরকার এখন এই ক্ষমতা পার্লামেন্টের হাতে ছেড়ে দিতে চায়। কারণ, বিচার বিভাগকে দলীয় লোক নিয়োগ দিয়েও সরকার এখন ভরসা পাচ্ছে না। তারা মনে করছে হয়তো এই বিচারকরা বিবেকের তাড়নায় সত্য রায়টি দিয়ে দিতে পারে। তাই বিচারকদের নিয়ন্ত্রণ করতে অভিসংশন আইন পাস করতে যাচ্ছে।
সংগঠনের মহাসচিব অধ্যাপক আ স ম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও বক্তৃতা করেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা মহানগর বিএনপির সদস্য নীব উল্লাহ নবী, আয়োজক সংগঠনের সহ-সভাপতি ড. রফিকুল ইসলাম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





