আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর যে সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে তা বিবেচনা করা উচিত।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডাক ভবনে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, তোমরা ক্লাসে ফিরে যাও। রাস্তায় আন্দোলন করার দরকার নেই। গাড়ি ভাঙ্গার দরকার নেই। আমরা আছি আলাপ-আলোচনা করে একটা সমাধান করা হবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে লবিস্ট নিয়োগ করেছেন জঙ্গিবাদ সৃষ্টি করার জন্য। তিনি জঙ্গিবাদ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। ষড়যন্ত্র এখনও চলছে। তাই সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ৯২ দিন আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে দেড় শতাধিক মানুষ মেরেছেন। শুধুমাত্র প্রতিহিংসার কারণে খালেদা জিয়া জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এখন তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এমনকি দলের নেতাকর্মীরাও তার কথা শোনেন না। খালেদা জিয়ার রাজনীতি থেকে বিদায় নেয়ার সময় এসেছে।

তিনি অন্যান্য দলের কাছে অনুরোধ জানিয়ে বলেন, জনগণ ও দেশের স্বার্থে আসুন সবাই ঐক্যবদ্ধ হই। শেখ হাসিনার নেতৃত্বে আসুন সুন্দরভাবে দেশ পরিচালনায় সাহায্য করি।

ড. ইউনূসের সমালোচনা করে হানিফ বলেন, সরকারের সুযোগ সুবিধা বাতিল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পরাষ্ট্রমন্ত্রীর কাছে ধর্ণা দিয়েছেন। জিএসপি সুবিধা বাতিলের জন্য তদবির করেছেন। এই ইউনূস গরীব মানুষকে আরো গরীব করেছেন। আর তাকে দেয়া হলো শান্তিতে নোবেল পুরস্কার। পদ্মাসেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন করলে ও জিএসপি সুবিধা বাতিল না করলে বাংলাদেশ আরো একধাপ এগিয়ে যেত। এর জন্য দায়ি বিএনপি-জামায়াত ও ড. ইউনূসের মতো লোকেরা।

সংগঠনের সভাপতি নাছির আহমেদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক প্রভাস চন্দ্র সাহা, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক আমজাদ আলী প্রমুখ।

কেএইচ