রাজধানীর বনানীর ২২তলা এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন বিদেশী নাগরিকসহ অন্তত ১৯ জন নিহত এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও অর্ধশতাধিক। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ (২৮ মার্চ) বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে দলটির আমির মকবুল আহমাদ এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়েছে, বনানীর বহুতল এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন বিদেশী নাগরিকসহ নিহত এবং আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। আমি আশা করি সরকার তদন্ত কমিশন গঠন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই অগ্নিকান্ডের ঘটনার কারণ খুঁজে বের করে এর প্রতিকারসহ ভবিষ্যতের জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন।
জামায়াত আমির বলেন, “অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
মকবুল আহমাদ বলেন, “অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসাসহ পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের এম. আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বনানীর ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৯
বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন শ্রীলঙ্কার নাগরিক ছিলেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও অর্ধশতাধিক।
নিহতদের মধ্যে ইউনাইটেড হাসপাতালে ৩ জন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১ জন এবং ঘটনাস্থলে ১৩ জন মারা গেছেন।
আজ (২৮ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) দিলীপ কুমার ঘোষ। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
আজ (২৮ মার্চ) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২তলা এফআর টাওয়ারে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে।
আগুন লাগার কারণে পাশের ভবনে থাকা রেডিও টুডের সম্প্রচার বন্ধ রয়েছে। এছাড়া, দুরন্ত টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, বনানী অগ্নিকাণ্ডের কারণে দুরন্ত টিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা দ্রুত সম্প্রচারে ফিরে আসব।
এমবি





