আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হবে তা সহজে পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার (১৩ জুন) জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘অত্যন্ত দুঃখ-বেদনার সঙ্গে জানাচ্ছি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, কর্মীবান্ধব কারা নির্যাতিত নেতা, দলের একজন বলিষ্ঠ সংগঠক আন্দোলন-সংগ্রামের অকুতোভয়, শহীদ এম মনসুর আলীর সুযোগ্য সন্তান, ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম না ফেরার দেশে চলে গেলেন।’

তিনি বলেন, ‘আমরা শোকাহত, আওয়ামী লীগের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার বিদায়ে আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।’

গত ১ জুন জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। রাতে করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

শুক্রবার ভোর সাড়ে ৫টায় মোহাম্মদ নাসিমের ব্রেন স্ট্রোক হয়। হাসপাতালের নিউরোসার্জন অধ্যাপক রাজিউল হকের নেতৃত্বে কয়েক ঘণ্টায় তার অস্ত্রোপচার সফল হয়। সফল অস্ত্রোপচার হলেও তার মাথার ভেতরে বেশ কিছু রক্ত জমাট বেধে ছিল। স্ট্রোকের পর থেকে গত ৮ দিন তিনি অচেতন অবস্থায় ভেন্টিলেশন সাপোর্টেই ছিলেন।

এরই মধ্যে পরপর দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের পক্ষ থেকে সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ করা হয়।

তবে সঙ্কটাপন্ন অবস্থার কারণে মোহাম্মদ নাসিমকেদেশের বাইরে স্থানান্তরের ঝুঁকি নিতে চাননি তার পরিবারের সদস্যরা।

এএস