ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন স্থগিত হওয়ার পেছনে নির্বাচন কমিশনের (ইসি) ব্যর্থতাকে দুষছে বিএনপি। বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দিয়েছেন আদালত।
সকালে পৃথক দুটি রিট আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
উত্তরের মেয়র পদে উপনির্বাচন স্থগিত ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোবাইল ফোনে বলেন, নির্বাচন স্থগিত হওয়া নির্বাচন কমিশনের ব্যর্থতা। তারা (ইসি) সবকিছু এলিমেন্ট ঠিকঠাক করে তফসিল ঘোষণা করতে পারেনি।
তিনি বলেন, সেই সুযোগটা সরকার নিয়েছে। সরকার চায় না জাতীয় নির্বাচনের আগে তাদের আরেকটা পরাজয় হোক।





