মানবতাবিরোধী অপরাধে ৯০ বছরের সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ‘বেশ ভাল’ আছেন। তিনি কথা বলছেন, খাওয়া-দাওয়া করছেন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার রক্তচাপ ও শ্বাসকষ্টজনিত রোগে গোলাম আযমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। তার রক্তচাপ ওইদিনই স্বাভাবিক হয়ে আসে। আজ বুধবার শ্বাসকষ্টও কমে গেছে।
ব্যক্তিগত সহকারী আবুল কালাম আযাদ জানান, গোলাম আযমকে চিকিৎসার জন্য যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন রক্তচাপ ছিল ১৭০/ ১২০। কিন্তু চিকিৎসা নেয়ার পর তার রক্তচাপ কমে ১৩০/৯০-এ এসেছে।
গোলাম আযমের ছেলে আব্দুল্লাহ আমান আজমি বলেন, ‘বাবাকে যখন সিসিইউয়ে আনা হয় তখন তার প্রেসার অনেক হাই ছিল। পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যায়ও তিনি ভুগছিলেন।’
বিএসএমএমইউ’র মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবদুল্লাহ জানান, গোলাম আযমের শারীরিক অবস্থা ভাল। গতকালের চেয়ে তিনি অনেক ভাল আছেন। স্বাভাবিক খাওয়া-দাওয়া করছেন। কথাবার্তাও বলছেন। রক্তচাপও নিয়ন্ত্রণে।
অধ্যাপক এবিএম আবদুল্লাহ গোলাম আযমের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান।
গত বছরের ১৫ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গোলাম আযমকে মানবতাবিরোধী অপরাদের দায়ে ৯০ বছর কারাদণ্ড দেন। বয়স ও অসুস্থতা বিবেচনায় রায়ের পর থেকেই বঙ্গবন্ধু মেডিকেলের প্রিজন সেলে রাখা হয় ৯২ বছর বয়সী গোলাম আযমকে। সেখানেই তার অপরাধের সাজা খাটছেন তিনি।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





