ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের‘কার্যক্রমকে’ ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতার সঙ্গে তুলনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসরায়েল যেমন নির্বিচারে এবং জঘন্যভাবে শিশু, নারী, বৃদ্ধ হত্যা করছে, তেমনি আওয়ামী লীগ সরকারও ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দলসহ দেশের জনগণের ওপর নির্যাতন করছে।’ দিন দিন সেই অত্যাচারের মাত্রা বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি।
বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে লি লুনা রেষ্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত এতিম ও দুস্থদের সম্মানে ইফতার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আলমগীর ফিলিস্তিনে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওই গণহত্যা বন্ধের দাবি জানান। একই সঙ্গে ফিলিস্তিনিদের তাদের ভূমির ন্যায়সঙ্গত অধিকার ফিরিয়ে দেয়ার আহবান জানান।
ক্ষমতাসীনদের ‘দখলদার’ উল্লেখ বিএনপির এ নেতা বলেন, ‘এ সসরকার গুলি করে ক্ষমতা টিকিয়ে রাখছে। তারা ক্ষমতায় থাকলে নিরাপত্তা থাকবে না, সুশাসন প্রতিষ্ঠা হবেনা।’
র্যাপিট একশান ব্যাটেলিয়ান-র্যাবের কার্যক্রম বন্ধের জন্য হিউম্যান রাইট ওয়াচের বিবৃতির সমর্থন করে মির্জা আলমগীর বলেন, ‘র্যাব বর্তমান সরকারের ক্রীড়ানকে পরিণত হয়ে হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েছে। সেজন্য বিএনপি সব সময়ই এ বাহিনীর বিলুপ্তি দাবি করে আসছে।’
র্যাবের সমালোচনা করে বিএনপির এ মুখপাত্র বলেন, ‘যারা মানুষের জীবন রক্ষার দায়িত্ব নিয়ে জীবন হরণ করে স্বাধীন দেশে এমন বাহিনীর দরকার নেই।’ র্যাবের পর এখন পুলিশ বাহিনীও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে অভ্যস্ত হয়ে পড়ছে বলে অভিযোগ তোলেন তিনি।
দেশে চরম অশান্তি শুরু হয়েছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন,‘জনগণের প্রতিনিধিত্বশীল সরকার নয় বলেই তারা সুশাসন নিশ্চিত করতে পারছে না।এ ধরনের সরকার থাকলে একটি সভ্য ও গণতান্ত্রিক পরিবেশের কথা চিন্তা করা যাবেনা।’
সরকারের মন্ত্রীদের সমালোচনা করে মির্জা আলমগীর বলেন, ‘তারা কাজের চেয়ে কথা বেশি বলেন। সেজন্য রাস্তাঘাটের বেহাল দশা থাকলেও যোগাযোগমন্ত্রী বলেন,৮০ভাগ রাস্তা ভালো আছে। তিনি নিজে সাংবাদিকদের নিয়ে পথ চলেন, অথচ বলেন, গণমাধ্যমে রাস্তাঘাটের যেসব ছবি ছাপা হয়েছে, সেগুলো নাকি তিনবছর আগের।’
আয়োজক সংগঠনের সভাপতি শামা ওবায়েদের সভাপতিত্বে অন্যদের উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ওলামা দলে সভাপতি হাফেজ আবদুল মালেক প্রমুখ।
ঢাকা,এমএইচ,২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর





