প্রায় ১৬ মাস পর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় শনিবার মধ্যরাতে। ৭৩৬ সদস্যের বিশাল কমিটি হলেও নেতাদের প্রত্যাশা পূরণ হয়নি।
রোববার রাত ৯টা ৩৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন। তার কার্যালয়ের সামনের সড়কে তখন ছাত্রনেতাদের ভীড়। বেশিরভাগ ছাত্ররা কমিটিতে জায়গা পেয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। আবার একটি অংশ পূর্ণাঙ্গ ছাত্রদলের কমিটি ঘোষণার পর হতাশ হয়েছে।
রাত ১০টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান নবগঠিত বিভিন্ন ইউনিটের নেতাদের নিয়ে দেখা করতে যান। এসময় তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি প্রধানকে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এবং বিভিন্ন ইউনিটের নতুন ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
এমএইচ





