বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন আমির হিসেবে মকবুল আহমাদের নাম ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। তবে রোববার বেলা ২টা ৩০মিনিটে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তাকে আমিরের শপথ পড়ানো হয়নি বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

গত শুক্রবার রাতে নতুন আমিরের নাম ঘোষণা হয় বলে নিশ্চিত করেছে অপর একটি সূত্র ।

সূত্রে জানা যায়, এর আগে জামায়াতের নতুন আমির নির্বাচন প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন দলের কেন্দ্রীয় নেতা এটিএম মাসুম। সারা দেশের রুকনদের ভোটে মকবুল আহমাদ আমির পদে সর্বাধিক ভোট পেয়েছেন। ২২ সেপ্টেম্বর রাতে ভোট গণনা শেষে এ ফলাফল নির্ধারিত হয়।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী জেলে যাওয়ার পর ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পান মকবুল আহমাদ।

পরবর্তীতে মাওলানা নিজামীর ফাঁসি কার্যকরের কয়েক মাসের মাথায় মকবুল আহমাদ নতুন আমির পদে নির্বাচিত হলেন। তবে কখন তাকে শপথ পড়ানো হবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এর পূর্বে ১০ আগস্ট আমির নির্বাচনের জন্য প্যানেল চূড়ান্ত করে জামায়াতের মজলিসে শূরা। এতে শূরার ২৭৭ জন ভোট দেয়। ভোটের হিসাবে চূড়ান্ত প্যানেলে স্থান পান ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির মুজিবুর রহমান।

১৬ আগস্ট থেকে রুকনদের ভোট গ্রহণ শুরু হয়ে তা ৫ সেপ্টেম্বর শেষ হয়। ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয় ভোট গণনা।

জানা যায়, জামায়াতের আমির পদে নির্বাচনের জন্য সারা দেশে দলের ৪২ হাজার ভোটার (রুকন) ছিল। তবে কত জন ভোট প্রদান করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী, আমিরের শপথ হওয়ার পর তিনি মজলিসে শূরার সদস্যদের সঙ্গে আলোচনা করে সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করবেন।

জারিফ/কেবি