আওয়ামী লীগ দেশকে আবারও ৭৫ সালের বাকশাল জমানায় নিয়ে যেতে চাইছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বহু ত্যাগের মাধ্যমে অর্জিত গণতন্ত্রকে কোনভাবেই বিপন্ন হতে দেয়া যাবে না। আমাদের অস্তিত্ব ও দেশের অস্তিত্বের রক্ষার স্বার্থেই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হবে।
বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত মশিউর রহমান যাদু মিয়ার ৩৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফখরুল আরও বলেন, এই সরকার দেশের জনগণের আশা-আকাঙ্খার প্রতি তোয়াক্কা না করে কেবল অস্ত্রের জোরে ক্ষমতায় আঁকড়ে থাকতে চায় তারা। ছলচাতুরী করে যে কোনো উপায়ে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকার জন্য সব কিছু করতে পারে আওয়ামী লীগ।
নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবহ আখ্যায়িত করে তিনি বলেন, এই নির্বাচন কমিশন জনগণের মতামতকে উপেক্ষা করে কেবল সরকারের হুকুম তামিল করতে ব্যস্ত। উপজেলা নির্বাচনে সরকারের লোকজন চর দখলের মত কেন্দ্র দখল করছে। তার প্রতি নির্বাচন কমিশনের কোনো ভ্রুক্ষেপ নেই। এই মুহুর্তে প্রধান নির্বাচন কমিশন এখন হাওয়া খেয়ে বেড়াচ্ছেন।
বিএনপির মহাসচিব বলেন, তিস্তা চুক্তি হচ্ছে না, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী হত্যা বন্ধ হচ্ছে না। তার পরেও আমরা ভারতকে সবকিছু উজার করে দিয়ে দিচ্ছি। এর জন্য আমরা দেশকে স্বাধীন করিনি।
অর্থমন্ত্রীর দেয়া বক্তব্য ১০০ কোটি টাকা চাঁদা তুলে আসন্ন টি ২০ বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠান করা হবে এর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এরই মধ্যে টিআইবি এর তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং তারা বলেছে এর মাধ্যমে দুর্নীতি আরও উৎসাহিত হবে। দেশকে আজ তারা কোন পর্যায়ে নিয়ে গিয়েছে এ থেকেই তা বুঝা যায়।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংশের দিকে নিয়ে গেছে সরকার। আজকে সুপ্রীম কোর্টে যে গোলযোগ হয়েছে এর জন্য সরকারই দায়ী।
মির্জা ফখরুল বলেন, মওলানা ভাসানীর একজন সুযোগ্য উত্তরসুরী হিসেবে যাদু মিয়া প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ করেন। এরপর শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী দলে যোগ দেন।
তিনি ভাসানী স্মৃতি সংসদকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে দেশের গণতান্ত্রিক অবদানে নেতৃত্ব দেয়া মানুষগুলোকে বারবার স্মরণ করে রাখবে।
আয়োজক সংগঠনের সভাপতি জিয়াউল হক মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান, অ্যাডভোকেট নজমুল হক নান্নু, বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, অ্যাডভোকেট কাজী মুনিরুল হুদা, ভাসানী স্মৃতি সংসদের সহ-সভাপতি ন্যান্সি রহমান প্রমুখ।
ঢাকা, এমএইচ, ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর





