সরকারের জুলুম-নির্যাতন, অপশাসন-দুঃশাসনের কারণেই এবারের ঈদ আনন্দঘন ও উৎসবমুখর হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. রিদওয়ান উল্লাহ শাহিদী।

সোমবার রাজধানীতে ধানমন্ডি থানা জামায়াত আয়োজিত এক ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

থানা আমীর এ্যাডভোকেট জসিম উদ্দীন তালুকদারের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা আব্দুল জব্বার, মুস্তাফিজুর রহমান ও ডা. শিবলী নো’মানী প্রমুখ।

শাহিদী বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করে নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতাদের দীর্ঘদিন কারারুদ্ধ করে রেখেছে।

ফলে ঈদের আনন্দের পরিবর্তে মানুষের ঘরে কান্নার রোল শোনা যাচ্ছে। তাই আগামী দিনের ঈদগুলোকে আনন্দঘন ও অর্থবহ করতে হলে এই ব্যর্থ ও জালিম সরকারের পতনের কোন বিকল্প নেই।

তিনি জুলুমবাজ সরকারের পতনের লক্ষ্যে সকলকে দুর্বার গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।

এআর