ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আতিকুর রহমান বলেছেন, শীতকাল গরীব অসহায় মানুষের জন্য সীমাহীন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এ দুর্ভোগ দূর করা অসম্ভব কিছু নয়। সম্মিলিত প্রচেষ্টায় শীতার্তদের কষ্ট লাঘব করা সম্ভব।
তিনি আজ রাজধানীর এক মিলয়ানতনে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা আয়োজিত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শাখা সভাপতি জামিল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোবারক হোসেন, অর্থ সম্পাদক রাকিব মাহমুদ।
শিবির সভাপতি বলেন, আবহাওয়ার পরিবর্তন ও ঋতু পরিক্রমায় শীত জনজীবনে বিরূপ প্রভাব বিস্তার করে। এমন বিরূপতায় প্রকৃতি হয়ে ওঠে উষর-রূক্ষ। এতে বয়স্ক ও শিশুসহ সব মানুষের সহনমাত্রা ছাড়িয়ে দেখা দেয় সর্দি-কাশি, জ্বর, হাপানি, পেটের পীড়াসহ নানান জটিল রোগ। দৈনন্দিন কর্ম পরিবেশে ছন্দপতনের কারণে খেটে খাওয়া মানুষের কাজের সুযোগ ও সক্ষমতা কমে আসে। শীত নিবারণের সামান্য কাপড় ও দূর্যোগকালে খাবারের অভাবে কষ্ট পায় অসংখ্য মানুষ।জনগণের কষ্ট লাঘবের দায়িত্ব সরকারের।
তিনি আরো বলেন, ছাত্রশিবির সাধ্যমত অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে।দায়িত্ববোধ থেকেই ছাত্রশিবির সপ্তাহ ব্যাপি শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ঘোষনা করেছে। সারাদেশে একজন নেতাকর্মীও যেন এ কর্মসূচিতে অংশ গ্রহণ থেকে বিরত না থাকে সে দিকে বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, এ কর্মসূচি এক দিকে যেমন শীতার্ত মানুষের একটি বিরাট অংশের শীতের কষ্ট দূর করবে তেমনি সমাজের সামর্থবানদেরকেও এ মহান কাজে অংশ গ্রহণের জন্য উৎসাহিত করবে।
উল্লেখ্য, ২১ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করবে ছাত্রশিবির।
নাজিব





