বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপিই বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু করে। সেই চর্চা আজও অব্যাহত রয়েছে। বিএনপি সব সময় জনগণের ক্ষমতার প্রতি শ্রদ্ধাশীল।
কিন্তু আওয়ামী লীগ জনগণের ক্ষমতাকে শ্রদ্ধা করে না বলেই একদলীয় নির্বাচন দিয়ে জনগণের ভোট দেয়ার ক্ষমতাকে ক্ষুণ্ম করে গণতন্ত্রকে পদদলিত করেছে।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কবলে বাংলাদেশ ও আতঙ্কিত জনগণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ‘বিএনপির আন্দোলন চলবে। এ আন্দোলন একটি পরিস্থিতিতে গিয়ে যে বিস্ফোরণ ঘটাবে তাতে কি ঘটবে তা বলা মুশকিল।
৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক না আসায় প্রতিটি ভোট কেন্দ্র কুকুর পর্যব্ক্ষেণ করেছে। এবারের নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে ছিল গরু, ছাগল ও কুকুর। ভোট কেন্দ্রে ভোটার না পেয়ে রিটার্নিং অফিসাররা ঘুমিয়ে পড়েছিল।
নির্বাচনে শেখ হাসিনার বিজয়কে ইয়াজিদের বিজয়ের সঙ্গে তুলনা করে তিনি আরো বলেন, ‘ইয়াজিদের বিজয়কে মানুষ যেমন ঘৃণা করেছিল। ঠিক তেমনিভাবে হাসিনার বিজয়কেও মানুষ ঘৃণা করেছে। আর তারা এই ঘৃণার উল্লাসে আজ উল্লসিত।
সব আন্দোলন বিজয়ের নয়। সব বিজয় খুশির নয় বলেও তিনি মন্তব্য করেন।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হায়দার আকবর খানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহম্মদ রহমাতুল্লাহ, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন, কল্যাণ পার্টির ভাইস প্রেসিডেন্ট শাহিদুর রহমান তামান্না প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]