বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.)আ.স.ম হান্নান শাহ বলেছেন, তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য রাখতে গিয়ে কেউ বলছেন উন্মাদ, কেউ বলছেন পাগল। তারেক রহমান যে তথ্যগুলো দিয়েছেন তা পড়ার পর যাদের মাথা গোলমাল হয় তাদেরই পাগল বলা যায়। তারেক রহমান সম্পর্কে কটুক্তিকর মন্তব্য থেকে বিরত থাকতে আ’লীগের প্রতি আহবান
জানিয়ে তিনি বলেন, তারা ভাষা শিখুক, বাংলা ভাষায় অনেক ভালো ভালো শব্দ আছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান
তারেক রহমান এর বিরুদ্ধে বর্তমান সরকারের মন্ত্রীদের কটূক্তি ও অশালীন বক্তব্যের
বিরুদ্ধে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে।
হান্নান শাহ বলেন, মায়ানমার সীমান্তে যে নায়েক সুবেদার মারা গেলেন, তার
একটা জবাব আমরা দিতে পারলাম না। প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন, একটা লাশ
ফেললে দশটা লাশ ফেলে দাও, তাহলে সীমান্তে আমাদের জওয়ানরা কেন ১০টা লাশ
ফেললো না, তাদের কাছে কি অস্ত্র  ছিল না? হ্যা, অভাব ছিল নির্দেশনা ও
পরিচালনার।
র‌্যাবের কর্মকর্তা কর্ণেল তারেক সাইদ প্রসঙ্গে তিনি বলেন, টাকা পয়সা নিয়েতো
ভাড়াটে খুনিরা খুন করে। ডিসিপ্লিন ফোর্সের কেউ করলে অবশ্যই তাকে শাস্তি পেতে
হবে।
হান্নান শাহ বলেন, আওয়ামী লীগ পঁচে যখন দূর্গন্ধ বেরিয়েছিল তখন শেখ মুজিবুর
রহমান নিজ মুখে বলেছিলেন আওয়ামী লীগ পঁচে গেছে। তাই তিনি আওয়ামী লীগের
কবর দিয়ে একদলীয় বাকশাল গঠন করেছিলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্মের পর তাদের নানী দাদিরা তাদের
চোখ ধুয়ে দেয়নি। এজন্য তারা কথায় কথায় মিথ্যে বলে। ওরা বেলাজ।
হান্নান শাহ বলেন, আওয়ামী লীগ সবসময় মিথ্যাচার করে আসছে।  নারায়নগঞ্জের সাত
খুনের পর পর তারা  বললেন তা বিএনপি ঘটিয়েছে। কিন্তু এখন তা প্রমান হয়েছে
কারা তা ঘটিয়েছে। রানা প্লাজা দূর্ঘটনার পর সংসদে দাড়িয়ে প্রধানমন্ত্রী বললেন,
রানা যুবলীগের কেউ না, কিন্তু পরে পোষ্টার ফেষ্টুনে আমরা সবই দেখতে পেলাম।
ফেনীর একরাম হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপিকে দোষারোপ করা হল। কিন্তু পরে
দেখাগেলো দুই হাজারীর কেউ একজন ঘটনা ঘটিয়েছে। তারা দু’জনেই আওয়ামী লীগ নেতা।
তিবি বলেন, সময় তাদের ফুরিয়ে আসছে। প্রতিটি ঘরে ঘরে মানুষ অপেক্ষায় আছে,
কখন ভোটের সুযোগ আসবে। ৫ জানুয়ারি নির্বাচনে প্রমাণ করলো আওয়ামী লীগের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
কৃষিবিদ রফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান
হাবিব, সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, হেলেন জেরিন খান।
[b]ঢাকা, এমআর, ৩ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]