গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির জন্য ন্যূনতম জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান।
রাজধানীর গুলশানে দৈনিক মানবকণ্ঠের কনফারেন্স লাউঞ্জে ‘আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে শনিবার তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, গত ৪৫ বছরে আমাদের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। স্বৈরশাসন দেখেছি। মিলিটারি শাসন দেখেছি। বহুদলীয় গণতন্ত্র দেখেছি। পিতৃ হত্যা, ভাতৃ হত্যা ও আত্মীয় হত্যা দেখেছি। আমাদের রাজনৈতিক সংস্কৃতি হিংসাত্মক ও বিদ্বেষমূলক।
মাহাবুবুর রহমান বলেন, অনেকেই বলেন জাতি আজ বিভক্ত। আমিও তাই বলি। কিন্তু মুক্তিযুদ্ধের সময় তো জাতি ঐক্যবদ্ধ ছিলো। আমরা সেই ঐক্য ধরে রাখতে পারিনি।
বিএনপি নেতা বলেন, আজকের সমস্যা রাজনীতি থেকে উদ্বুদ্ধ। এই পরিস্থিতিতে অপশক্তির উদয় হতে পারে। এই সঙ্কট বিশ্বাসের। নৈতিকতার সংজ্ঞায় যা অনৈতিক তা রাজনীতিতেও অনৈতিক। অন্যায়ের মধ্য দিয়ে ভালো জিনিস পাওয়া সম্ভব নয়।
মানবকণ্ঠের উপদেষ্টা সম্পাদক পীর হাবিবুর রহমানের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, কর্নেল (অব.) জাফর ইমাম, খুশি কবীর, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, নাট্য নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী, সাংবাদিক নাঈমুল ইসলাম খান, নারী উদ্যোক্তা নাসরিন ফাতেমা আউয়াল প্রমুখ।
এএইচ





