বঙ্গবন্ধুর ৪০তম মৃত্যু বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার দুপুরে ১৪ দলের বৈঠক শেষে কর্মসূচির কথা জানান জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যু বার্ষিকীর জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ বিষয়ে ১৪ দলের এই বৈঠক আহ্বান করা হয়।

১৪ দল ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ১২ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে থেকে সকাল সাড়ে ৬টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারের উদ্দেশে রওনা এবং সেখানে পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন।

১৩ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়াস ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা। এরপর ১৫ আগস্ট সকাল সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়ার সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, কামরুল আহসান, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির ডা. শহীদুল্লাহ শিকদার, ডা. শাহাদাত হোসাইন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম, অসিত বরণ রায়, গণআজাদী লীগের এস কে শিকদার, ন্যাপের এনামুল হক, ইসমাইল হোসেন, বাসদের রেজাউর রশিদ খান প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার দিন ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়।

এমকে