জঙ্গী, মৌলবাদ, সন্ত্রাস, নৈরাজ্য, মুক্ত সুখী সমৃদ্ধ নিরাপদ এবং অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার দাবিতে মানববন্ধন করেছে সচেতন তরুণ প্রজন্মের ব্যানারে একদল শিক্ষার্থী।
শনিবার দুপুর ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে তারা এ মানববন্ধন করে।
মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়।
মানববন্ধনে সরকারের প্রতি আহবান জানিয়ে সংগঠনের আহবায়ক ও ঢাকা কলেজের শিক্ষার্থী আসাদুজ্জামান উৎজ্জল বলেন, দেশে যারা সহিংসতা করছে তাদের আইনের আওতায় এনে বিচার করুন। এবং সহিংসতা রোধে কঠোর পদক্ষেপ নেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি সহিংসতা বন্ধ করুন , সহিংসতা করবেন না। শান্তিপূর্ণ কর্মসূচি দেন। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। আমাদেরকে স্কুল কলেজে যেতে দিন। দেশকে ধ্বংস করবেন না।
মানববন্ধনে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে আসে। এতে লেখা ছিল আমরা তরুন, আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার পথ চলায় বাধা কেন? আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাই।
মানববন্ধন শেষে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের বিপরীত দিকে গাছের সাথে চলমান সহিংসতায় নিহত- আহতদের ছবিসহ একটি ব্যানার টানিয়ে রেখে যায়। এর আগে সাংস্কৃতিক মুক্তিযোদ্ধা লীগ ও সহিংসতার একটি তালিকা টানিয়ে ছিল।
এমএইচ





