বিএনপি উপজেলা ’নির্বাচনে অংশ না নিলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

আজ সোমবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি যেহেতু একটি রাজনৈতিক দল, তাই তাদের উচিত নির্বাচনে অংশ নেয়া। বিএনপি নির্বাচনে অংশ না নিলে তারা নির্বুদ্ধিতার পরিচয় দেবে। নির্বাচনে অংশ না নিলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।’

এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন মন্ত্রী।

এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব কামাল উদ্দিন তালুকদার, প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস সালাম মণ্ডল, মজিবুর রহমান সহ স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্পের পরিচালক ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম বিল্লাহ