টানা তিন মাস ধরে পুলিশি অবরুদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হলেও এখনও বিএনপির কোনো নেতাকর্মী প্রবেশ করেনি।

সূত্র জানায়, দু'দিন আগে বৃহস্পতিবার দুপুর থেকে নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে মোতায়ন করা অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সেইসঙ্গে কার্যালয়ের মূল ফটকের চাবি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কার্যালয়টি এখনো তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

শনিবার দুপুর পর্যন্ত কার্যালয়ের ভিতরে কোনো নেতাকর্মী ও অফিস স্টাফদের প্রবেশ করতে দেখা যায়নি। তবে কার্যালয় আশেপাশে কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এদিকে বিএনপি নেতাদের অভিযোগ কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার করা হলেও সাদা পোশাকধারী গোয়েন্দাদের কার্যালয়ের আশেপাশে রাখা হয়েছে। কার্যালয়ে প্রবেশ করতে চাইলে দলটির নেতাকর্মীদের আটক করার নতুন কৌশল সরকার অবলম্বন করছে বলেও অভিযোগ করেন তারা।

কার্যালয়ে ভিতর প্রবেশের ব্যাপারে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন টাইমনিউজবিডি'কে বলেন, নয়াপল্টনের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত পুলিশ প্রত্যাহারের বিষয়টি দলের নীতিনির্ধারকদের জানানো হয়েছে। ভেতরে প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত আসলে আমরা তালা খুলে ভিতরে যাব। কিন্তু এখন পর্যন্ত কোনো নির্দেশনা আমরা পায়নি।

তিনি আরও বলেন, পোশাকধারী পুলিশ সদস্যদের দেখা না গেলেও এখনো কার্যালয়ের আশপাশে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

এমএইচ/ এআর