প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রীর শেখ মোহাম্মদ আবদুল্লাহ। রাতে মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।
নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর ডাক্তাররা বলেছেন, কোভিড-১৯ সংক্রমিত হয়েই মারা গেছেন ধর্ম প্রতিমন্ত্রী।
ডাক্তারদের বরাত দিয়ে আজ (১৪ জুন) রোববার বেলা ১১ টায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এই তথ্য জানান।
ধর্ম প্রতিমন্ত্রীর গণসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।
বিপ্লব বড়ুয়া বলেন, নমুনা পরীক্ষায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর করোনা পজিটিভ ধরা পড়েছে। তাকে এখন টুঙ্গিপাড়া নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই দাফন কাফন করা হবে। ঢাকায় কোনো কর্মসূচি নেই।
এর আগে শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্ম প্রতিমন্ত্রীর শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার সদস্য, যিনি প্রথম কোনও ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। এর আগে শনিবার (১৩ জুন) মৃত্যুবরণকারী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসার পর তার করোনা নেগেটিভ হয়। তবে করোনাভাইরাস আক্রান্ত অবস্থায় তার ব্রেন স্ট্রোক হয়। যার কারণে কয়েকদিন ডিপ কোমায় থাকার পর তিনি মারা যান।
এমবি





