বর্তমান সরকার জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। বিএনপি ক্ষমতায় থাকতে যেসব জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিলো বর্তমান সরকার তাদের মুক্তি দিচ্ছে। এতেই প্রমাণ হয় সরকার জঙ্গিদের আশ্রয় দিচ্ছে অভিযোগ করেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী আহমেদ বলেন, সাম্প্রতিক সময়েও দুই বিদেশি নাগরিক তাভেল্লা সিজার এবং হোসি কুনিও হত্যা মামলায় বর্তমান সরকার প্রকৃত জঙ্গিদের আড়াল করার জন্য দু’জন বিএনপি নেতাকে আসামি করে মামলা দায়ের করে। যদিও এই হত্যাগুলোর দায় স্বীকার করেছে দুইটি জঙ্গি সংগঠন।

তিনি আরও বলেন, বিএনপিকে দোষারোপ না করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে নিকট জানতে চান যে, জঙ্গিরা কোথায় আছে। কারণ ইনুই জানেন জঙ্গিদের হদিস কোথায় আছে।

বিএনপি মানবতা, সভ্যতা বিরোধী যেকোনো ধ্বংসাত্মক জঙ্গি কর্মকাণ্ডকে দমন করতে অতীতের অভিজ্ঞতা দিয়ে সহায়তা করতে প্রস্তুত। দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে শান্তি, স্বস্তি, মানুষ ও রাষ্ট্রের নিরাপত্তা ও গণতন্ত্র বিরোধী জঙ্গি শক্তিকে দমন করতে সর্বশক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে বিএনপি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা খায়রুল কবির খোকন প্রমুখ।

এমবি