সংবিধানেরষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সর্বোচ্চ আদালতের দেওয়া পর্যবেক্ষণ প্রত্যাহারের দাবি জানিয়ে ৩দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডি আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন পরিষদের নেতারা।
আগামী ১৩, ১৬ ও ১৭ আগস্ট এই তিনদিন বেলা ১টায় সারাদেশে আইনজীবী সমিতিতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সদস্য সচিব শেখ ফজলে নূর তাপস। লিখিত বক্তব্যে বলা হয়, ষোড়শ সংশোধনী বাতিলের রায় সারাদেশের আইনজীবীদের সংক্ষুব্ধ করেছে।
রায়ে যে সমস্ত ‘আপত্তিকর, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অপ্রাসঙ্গিক’ পর্যবেক্ষণ রয়েছে, সেগুলো স্বতপ্রণোদিত হয়ে প্রত্যাহার করতে আদালতের প্রতি দাবিও জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
এ সময় উপস্থিত ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম প্রমুখ।
উল্লেখ্য, বিচারপতিদের অপসারণের ক্ষমতা বাতিল করে দেওয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়টি প্রকাশের পর থেকে তা নিয়ে বাদ-প্রতিবাদ চলছে। আওয়ামী লীগ এই রায়ের সমালোচনা করলেও বিএনপি এই রায়কে ‘ঐতিহাসিক’ আখ্যায়িত করেছে।
আলোচিত এই রায়ের প্রতিক্রিয়া জানাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি গত সপ্তাহে সংবাদ সম্মেলন ডাকার পর সেখানে দুই পক্ষের আইনজীবীদের তুমুল হট্টগোল বাঁধে।
এমবি





