বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, দেশ নির্ভর করে গণতন্ত্রের ওপর। কিন্তু দেশে আজ গণতন্ত্র নেই। তাই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত ও রক্ষা করতে হবে।
শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা পরিষদ মিলনায়তনে জেলা ২০ দলীয় জোট আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্রের মূল বিষয় সংসদ। কিন্ত বর্তমান সংসদের সদস্যরা অনির্বাচিত। আজকে আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে এ সরকার অবৈধ।
গণতন্ত্রকে উদ্ধার করতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, এ জন্য দরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এজন্য সরকারকে এগিয়ে আসতে হবে। যদি এগিয়ে না আসে তাহলে বাধ্য করতে হবে।
জেলা বিএনপির সহ-সভাপতি সাহেদ কামাল চৌধুরী ডালিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান প্রমুখ।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





