এসএসসি ও সমমান পরীক্ষা নির্বিঘ্ন করতে নেতাকর্মীদের পরীক্ষাকেন্দ্র পাহারা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছি, সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের হলে যাওয়া-আসার পথে নিরাপত্তা নিশ্চিত করা এবং পরীক্ষা কেন্দ্রের আশপাশে নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য স্বেচ্ছাসেবকের মতো দায়িত্ব পালন করতে হবে।’

রোববার রাতে এক বিবৃতির মাধ্যমে এ নির্দেশ দেন এরশাদ।

তিনি বলেন, ‘আমি আশা করি, দেশের সকল এসএসসি পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের প্রাণের অনুভূতির প্রতি দেশের সকল সচেতন মহলের আহবানে সাড়া দিয়ে ২০ দলীয় জোট অন্তত পরীক্ষার দিনগুলোতে তাদের হরতাল-অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে মহানুভবতার পরিচয় দেবেন।’

প্রধানমন্ত্রীর বিশেষ এই দূত বলেন, ‘যারা এসএসসি পরীক্ষার মধ্যে হরতাল বা অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন নিশ্চয়ই তাদের ছেলে-মেয়েরাও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। নিজেদের সন্তানদের শিক্ষাজীবনকে জিম্মি করে নিছক রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করার মধ্যে কী যুক্তি থাকতে পারে তা বোধগম্য নয়।’

জেআই