বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশনের উপ‌নির্বাচন আদৌ হ‌বে কী না জনম‌নে শঙ্কা স‌ন্দেহ র‌য়ে‌ছে জেনেও বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে।

জনগণের ভোটারাধিকার নিশ্চিত কর‌তে নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে।আজ সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রিজভী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন মানে ভোটারদের ভোটের অধিকার হরণ করা। তারপরও সং‌কো‌চিত গণতন্ত্র‌কে সম্প্রসারণ কর‌তে আমরা যতটুকু সু‌যোগ পা‌চ্ছি আ‌ন্দোল‌নের অংশ হি‌সে‌বে স্থানীয় পর্যা‌য়ের সব নির্বাচ‌নে অংশ নি‌চ্ছি।

জনগণের ভোটারাধিকার নিশ্চিত কর‌তে ঢাকা উত্তর সিটি কর‌পো‌রেশন উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান রিজভী।

বিএনপির এই নেতা বলেন, ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি কর‌পোরেশন নির্বাচন আমরা দেখেছি। যেখা‌নে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

যেমনভা‌বে ২০১৪ সা‌লে ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দানবীয় কায়দায় ভোটাধিকার হরণ করা হয়েছিল। আজও যা দু:স্বপ্ন হয়ে আছে।

রিজভী ব‌লেন, শেখ হাসিনার আমলে গণতন্ত্রের কোনো স্পেস নেই। এই স্বৈরাচারী সরকার লোক দেখানোর জন্য মা‌ঝে মা‌ঝে নির্বাচন নামক শিরোনাম ব্যবহার করে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মনির হোসেন প্রমুখ।

এমআর