চলমান উপজেলা নির্বাচনে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ সমর্থকদের হামলা, ভোট কেন্দ্র দখল, জালভোট, বিরোধী পক্ষের এজেন্ট বের করে দেয়া, বিএনপির নেতাকর্মীদের মারধর করাসহ নানা অভিযোগ করেছে বিএনপি।
দুপুর পর্যন্ত সারাদেশে ২৮৩ টি কেন্দ্রে এমন অনিয়নের কথা জানিয়েছে দলটি। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ধারাবাহিকভাবে এ ধরনের ঘটনা বাড়ছে।
অনিয়মের এসব চিত্র তুলে ধরে দুপুরে নির্বাচন কমিশন বরাবর ফ্যাক্স বার্তা পাঠিয়েছে দলটি। দলের দেয়া তথ্য অনুযায়ী যেসব স্থানে বিএনপির অভিযোগ রয়েছে সেগুলো তুলে ধরা হলো-
শরিয়তপুর জেলা: ভেদরগঞ্জ উপজেলা সারিয়া ইউনিয়নে মনুয়া আহলে সুন্নাহ দাখিল মাদ্রাসা, ২৩ নং ২য় গাঁও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ প্রায় ২৬টির অধিক ভোট কেন্দ্রে আওয়ামী ‘সশস্ত্র সন্ত্রাসী’রা বিএনপি সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দিয়ে অবাধে জাল ভোট দিচ্ছে।
ঢাকা জেলা: নবাবগঞ্জে দড়িকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাতিলজাত উচ্চ বিদ্যালয়সহ ১৮টির অধিক ভোট কেন্দ্র থেকে আওয়ামীলীগ সমর্থকরা বিএনপি সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দিয়ে প্রশাসনের সামনেই জাল ভোট দেয়ার অভিযোগ।
মানিকগঞ্জ জেলা: দৌলতপুর উপজেলা সবুজসেনা হাইস্কুল কেন্দ্র, বাতামারা বিবিসি কলেজ কেন্দ্র, বাতামারা হাইস্কুল কেন্দ্রসহ ১৭টির অধিক কেন্দ্রে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা বিএনপির সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দিয়েছে। উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা লতিফ চেয়ারম্যানের ছেলে খোকনের নেতৃত্বে সশস্ত্র মহড়া দিয়ে গোটা এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অবিযোগ করা হয়েছে।
সাটুরিয়া উপজেলায় দানখুরা ইউনিয়নে বরুনজিৎ কেন্দ্রসহ ২১টি অধিক কেন্দ্র থেকে যুবলীগ, ছাত্রলীগের ‘সন্ত্রাসী’রা বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে প্রশাসনের সহযোগিতায় জাল ভোট দিচ্ছে।
সিংগাইর উপজেলা জনমন্টপ ইউনিয়নে চরদুর্গাপুর কেন্দ্রসহ ১৫টির অধিক ভোট কেন্দ্র থেকে সরকারী সমর্থকরা বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্রগুলো দখল করে নিয়েছে।
বগুড়া জেলা: সোনাতলা উপজেলায় ৪৯টি কেন্দ্রের মধ্যে ৩৬টি কেন্দ্র ইতিমধ্যে আওয়ামী লীগ দখল করে নিয়েছে। জবর দখলের নির্বাচনের প্রতিবাদে আগামীকাল স্থানীয়ভাবে হরতাল আহবান করা হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা কাজলা ইউনিয়নে পাকুরাচর কেন্দ্র, চেংড়াকুলা চর কেন্দ্র, ক্ষুদ্র বড়াই কেন্দ্রসহ ১১টির অধিক কেন্দ্র ইতিমধ্যেই দখল করেছে সরকার সমর্থকরা।
সিরাজগঞ্জ জেলা: সদর উপজেলায় সরকার দলীয় এমপি ‘সন্ত্রাসী’ বাহিনী নিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে তান্ডব চালাচ্ছে। রিটার্ণিং অফিসার অভিযোগ করলেও কোন কথাই শুনছে না। ইতোমধ্যে রতন কান্দি ইউনিয়নের ১৪ টি ভোট কেন্দ্র সরকার দলীয় সন্ত্রাসী বাহিনী দখল করে নিয়েছে।
কাজীপুর উপজেলা মন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই অধিকাংশ কেন্দ্র ‘সশস্ত্র সন্ত্রাসী’রা দখল করে নিয়েছে। এখানে মন্ত্রী সাহেবের (আওয়ামী লীগ) বিরোধী প্রার্থীরা ভোট বর্জন করেছে।
গাইবান্ধা জেলা: গোবিন্দগঞ্জ উপজেলায় কুষারতায়ির সরকারী প্রাথমিক বিদ্যালয়, সিংহমালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বালুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ১৮টির অধিক কেন্দ্র থেকে সরকারী দলের সর্মথকরা বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্রগুলো দখল করে নিয়েছে।
কিশোরগঞ্জ জেলা : বাজিতপুর উপজেলায় সর্ষেরদীঘি প্রাথমিক বিদ্যালয়, বিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাজ্জাকুননেছা গার্লস স্কুল, পশ্চিমচন্দ্র গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, লোহাগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুরানগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়, হালাকি মাদ্রাসা কেন্দ্রসহ ৩১টির অধিক ভোট কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামীলীগ।
সিলেট জেলা: বিশ্বনাথ উপজেলায় দশপাইয়া, সিংড়ারকাল, পনাউল বাজার চাঁদবরন সঃ প্রাঃ বিঃ দশঘর সঃ প্রাঃ বিঃ সহ ১৭টির অধিক ভোট কেন্দ্রে আওয়ামী লীগ নেতা শফিকুর রহমানের নেতৃত্বে ‘সশস্ত্র সন্ত্রাসীরা’ গুলি করে ও ককটেল ফাটিয়ে ভয়ংকর ত্রাসের সৃষ্টি করেছে। এই সকল কেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দিয়েছে।
খাগড়াছড়ি জেলা: মাটিরাঙ্গা উপজেলায় নতুন পাড়া, নবীনগর কেন্দ্র, পশ্চিম দলিয়া আদর্শ গ্রাম কেন্দ্র, পুর্ব দলিয়া হাতিপাড়া কেন্দ্র, শান্তিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, শুকনা শাড়ী কেন্দ্র, আশালং কেন্দ্রসহ ২৩ টির অধিক ভোট কেন্দ্রে আওয়ামী সমর্থকরা হামলা চালিয়ে বিএনপি সমর্থিত প্রার্থীর নেতাকমীদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়।
নরসিংদী জেলা: পলাশ উপজেলা গজারিয়া ইউনিয়নে সেকান্দরদি স্কুল কেন্দ্রসহ ৯টির অধিক ভোট কেন্দ্রে সরকার দলীয় লোকজন ব্যাপক হামলা চালায়। এখানে স্থানীয় জনতার চাপে ছাত্রলীগের মুকুলসহ ২জনকে পুলিশ অস্ত্রসহ গ্রেফতার করেছে।
ঝিনাইদহ জেলা: কালীগঞ্জ উপজেলায় নলডাঙ্গা ভুষণ পাইলট উচ্চ বিদ্যালয়, নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুবর্ণসারা সঃ প্রাঃ বিঃ, উল্লা সঃ প্রাঃ বিঃ, নাকোবাড়িয়া সঃ প্রাঃ বিঃ, বড়তালিয়ান দাখিল মাদ্রাসা, সাহাপুর ঘিঘাটি মাধ্যমিক বিদ্যালয়, বেলাট দৌলতপুর দাখিল মাদ্রাসা, হাট বারো বাজার মাধ্যমিক বিদ্যালয়, বার্ফা মঙ্গল পৈতা সঃ প্রাঃ বিঃ, কুমারহাটি দাখিল মাদ্রাসা, ঝন-ঝনিয়া সঃ প্রাঃ বিঃ, রাগরপুর সঃ প্রাঃ বিঃ, মাজদিয়া সঃ প্রাঃ বিঃ, রঘুনাথপুর সঃ প্রাঃ বিঃসহ ২৬ টির অধিক ভোট কেন্দ্রে হামলা চালিয়ে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে কেন্দ্র দখল করে নিয়েছে।
শৈলকুপা উপজেলা সবক’টি ভোট কেন্দ্র দখলের প্রতিবাদে স্থানীয় নেতৃবৃন্দ আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।
বুধবার উপজেলা নির্বাচনের প্রথম পর্বের সারাদিনের চিত্র তুলে ধরতে বিকেলে আবারো সংবাদ সম্মেলন করবে বিএনপি।
[b]ঢাকা, এমএইচ, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এআর[/b]
রাজনীতি
উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির যত অভিযোগ
চলমান উপজেলা নির্বাচনে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ সমর্থকদের হামলা, ভোট কেন্দ্র দখল, জালভোট, বিরোধী পক্ষের এজেন্ট বের করে দেয়া, বিএনপির নেতাকর্মীদের মারধর করাসহ নানা অভিযোগ করেছে বিএনপি





