বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকারের মন্ত্রী- এমপি ও দলের লোকেরা পাবনা মানসিক হাসপাতালের তালা ভেঙে পালিয়ে আসা পাগলদের মতো বক্তব্য রাখছেন।
সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, মন্ত্রী সংসদ সদস্যরা পাগলের প্রলাপ বকছেন। রাজনৈতিক নেতাদের কাছ থেকে এরকম বক্তব্য আমরা আশাও করতে পারি না।
‘তারেক রহমানের জন্ম এদেশে নয়, বিদেশে’- আইনমন্ত্রী ‍অ্যাডভোকেট ‍আনিসুল হকের এমন বক্তব্যের প্রতিবাদ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ক্ষতি করার জন্য তার আশেপাশের মন্ত্রী-এমপি ও দলীয় নেতারা অহরহ কুরুচিপূর্ণ বক্তব্য ও জিয়াউর রহমান-তারেক রহমানকে গালাগালি দিয়ে যাচ্ছেন।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আমরাও প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগের সমালোচনা করি। কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলি না।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ চতুষ্পদ শ্রেণীতে পরিণত হয়েছে। সে খবর তারা না রেখে তারেক রহমানকে নিয়ে হেচকি খাচ্ছে। তারেক রহমানের বক্তব্য খণ্ডন করতে না পেরে গালাগালি করছে।’
'জিয়া পরিবারের বিরুদ্ধে কেউ বিষোদগার করলে তার সমস্ত অপরাধ প্রধানমন্ত্রী মাফ করে দেন’ বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘মনে হচ্ছে  সরকারের মন্ত্রী ও দলের লোকেরা পাবনা মেন্টাল হসপিটালের তালা ভেঙ্গে পড়া পাগলদের মতো হয়ে পড়েছে। কারণ যে অমূল্য ধন ক্ষমতা তারা পেয়েছেন সেটি হারানোর ভয়েই এই উন্মাদগ্রস্ত হয়ে পড়া।’
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]