জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরীর আমির মাহবুবুর রহমান বেলালকে গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় দ্বিতীয় বারের মত রংপুর জেলগেট থেকে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী
গতকাল (বৃহস্পতিবার) জামায়াতের ভারপ্রাপ্ত আমির এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এই প্রতিবাদ জানান। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের এম.আলম স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এই তথ্য জানানো হয়।
প্রেসবার্তায় অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরীর আমির মাহবুবুর রহমান বেলাল তার বিরুদ্ধে সরকারের দায়ের করা সকল মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করা সত্ত্বেও তাকে মুক্তি না দিয়ে গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় দ্বিতীয়বারের মত রংপুর জেলগেট থেকে পুলিশের গ্রেফতার করার ঘটনা সম্পূর্ণ অন্যায় ও অমানবিক।”
তিনি বলেন, “মাহবুবুর রহমান বেলালকে সরকার গত ২৩ আগস্ট মিথ্যা মামলায় অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন লাভ করা সত্ত্বেও সরকার তাকে মুক্তি না দিয়ে গত ২৪ নভেম্বর ও গত ২৬ ডিসেম্বর রংপুর জেল গেট থেকে পরপর দু’বার গ্রেফতার করেছে।
এ থকে প্রমাণিত হয় যে, রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যে তাকে সরকার বারবার জেলগেট থেকে অন্যায়ভাবে গ্রেফতার করছে। উচ্চ আদালত থেকে জামিন লাভ করা সত্ত্বেও তাকে মুক্তি না দিয়ে বারবার জেলগেট থেকে গ্রেফতার করে সরকার আইন ও আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছে। এ থেকেই প্রমাণিত হয় যে, সরকার আইনের শাসনে বিশ্বাসী নয়।”
জামায়াতে ইসলামীর আমির বলেন, “আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অবিলম্বে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর মহানগরী জামায়াতে ইসলামীর আমির মাহবুবুর রহমান বেলাল’সহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
এমবি





