ভৈরব বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় পর্ষদের সহ-সাংগঠনিক সম্পাদক মো: শরীফুল আলম সিআইপি বলেছেন-আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে।

তবে যে কারণে বিগত ২০১৪ সালের নির্বাচন তার দল বয়কট করেছিলো, অর্থাৎ নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি আদায় করেই নির্বাচনে যাবে। নির্বাচনের নামে দেশের জনগণের ভোট নিয়ে আর তামাশা করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে।

এ সময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন-নির্বাচনের দিন জনগণের ভোটের অধিকার রক্ষায় আপনাদের মাঠে থাকতে হবে। যেখানে বাঁধা, সেখানেই প্রতিরোধ-এই নীতিতে গণতন্ত্র হরণকারী, গুম, খুন, নির্যাতন, হামলা-মামলার এই জনবিচ্ছিন্ন সরকারকে হটাতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় শরীফুল আলমের ডাকবাংলো চত্বরে উপজেলা বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমান সরকারের পায়ের নীচে মাটি নেই।

জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বিনাভোটে পাস করা এমপিরা। একটু শক্ত প্রতিরোধ করলে, ওরা পালানোর পথ পাবে না। আর এই গণপ্রতিরোধের জন্য চাই বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্য। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে ইস্পাতসম ঐক্য গড়ে তুলতে তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি আওয়ামী লীগ দলীয় স্থানীয় সংসদ সদস্যকে উদ্দেশ্য করে বলেন-আপনি আজ জনবিচ্ছিন্ন একজন নেতা। আপনি সংসদে যান না। জনগণের কাছে আসেন না।

সব সময় কিছু নেতা-কর্মী দ্বারা আপনি আবদ্ধ থাকেন বলেই আপনার জনপ্রিয়তা আজ শূণ্যের কোটায়। আর তাই আপনি আপনার প্রতিপক্ষকে রাজনৈতিক কর্মসূচী পালনে বাঁধা দিচ্ছেন। যেটা গণতন্ত্র চর্চায় শোভন পদ্ধতি নয়।

আলোচনা সভায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো: শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোস্তফা কামাল, মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল হক ভিপি।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন-পৌর বিএনপির সহ-সভাপতি মো: আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ফারুক, উপজেলা যুবদলের সভাপতি মো: দেলোয়ার হোসেন সুজন, সিনিয়র সহ-সভাপতি আরিফুল হক সুজন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিয়াজ মুর্শেদ আঙ্গুর, সাধারণ সম্পাদক সানাউল হক সিরাজ, পৌর যুবদলের সভাপতি হানিফ মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক কাউসার, উপজেলা জাসাসের সভাপতি আরমান হোসেন চঞ্চল, উপজেলা ছাত্রদলের সভাপতি জুবায়ের আল মাহমুদ আফজাল, সাধারণ সম্পাদক শাহেদুল হক ইমন, পৌর ছাত্রদলের সভাপতি মাসুদ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি রাজন আহমেদ, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম সবুজ, হাজী আসমত কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম জনি, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আলহাজ্ব সজীব আহমেদ প্রমূখ।

এএস