ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের সার্বিক পরিস্থিতি সুন্দর আছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনের পথে অন্তরায় হবে না। আশা করি, আনন্দঘন উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দেবে।

সোমবার (২৭ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে কাদের এ কথা বলেন।

গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসি) নির্বাচনের প্রচারণায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের জন্য ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে দুষেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, বিএনপি প্রার্থী নিজেই প্রতিপক্ষের অফিসে লাথি মেরেছেন, ভিডিও ফুটেজে তা আছে। ইসির উচিত সঠিক তদন্ত করে সত্য উদঘাটন করা।

কাদের বলেন, ‘বিএনপি যে সুরে কথা বলে, ইদানীং নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার সেই সুরেই কথা বলছেন। তিনি ভিন্নমত প্রকাশ করতে পারেন। কিন্তু ভিন্নমত প্রকাশের নামে তিনি ঘরের গোপন কথা ও তথ্য প্রকাশ করে দিচ্ছেন।

ইসিতে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, মাহবুব সাহেব এমন আজগুবি ও উদ্ভট কথা কোথায় পেলেন? কোনো গণতান্ত্রিক ও আধা গণতান্ত্রিক দেশেও নির্বাচন কমিশনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে বলে আমার জানা নেই।’

এএস