গুলশানের দূতাবাসে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল পাঠিয়ে সৌদি আরবের প্রয়াত বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বেলা ১২টার দিকে গুলশানের ২ নং সড়কে সৌদি আরবের অ্যাম্বেসীতে যান বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল। তারা চেয়ারপারসনের পক্ষে দূতাবাসে রাখা শোক বইতে স্বাক্ষর করে প্রয়াত বাদশার প্রতি শ্রদ্ধা জানান। এ সময়ে দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও চেয়ারপারনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।
বাদশাহ আবদুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে মারা যান। তার মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হয়।
বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বাদশাহ আব্দুল্লাহ। বলা হয়, তার বয়স হয়েছিল ৯০ বছর। সৎ ভাই বাদশাহ ফাহদের মৃত্যুর পর ২০০৫ সাল থেকে তিনি আরবের তেলসমৃদ্ধ এই দেশটি শাসন করে আসছিলেন। তার মৃত্যুর পর সৎ ভাই ৭৯ বছর বয়সী সালমান বিন আব্দুল আজিজ আল-সউদকে সৌদি আরবের নতুন বাদশাহ ঘোষণা করা হয়েছে।
জেআই





