গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো.মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে স্কুলছাত্র সৌরভ মিয়ার আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
দলের দপ্তর সম্পাদক মো. নুরুল আমান চৌধুরীর পাঠানো এক বিবৃতিতে ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া শুক্রবার এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, ৫ জানুয়ারির বিনা ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের যেহেতু জনগণের কাছে কোন দায়বদ্ধতা নাই, সেই কারণেই মঞ্জুরুল ইসলাম লিটনদের হাতে আজ স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রেরও নিরাপত্তা নাই।
জন প্রতিনিধির নামে এরা মূলত সমাজ, রাষ্ট্র ও জনগণের শত্রু। আর এই সকল মস্তিষ্ক বিকৃত, রুচিহীন মানুষের কারণে জনগণের কাছে রাজনীতি আর রাজনীতিবিদরা প্রশ্নবিদ্ধ।
শাসকগোষ্ঠি লুটেরা শ্রেণীর স্বার্থ রক্ষা করতে গিয়ে আর নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে গিয়ে সন্ত্রাসীদের গায়ে যখন জনপ্রতিনিধি আর সংসদ সদস্যের সিল লাগিয়ে দেন তখন জনগণের মনে প্রশ্ন জাগে আসলে কি জাতীয় সংসদ জনগণের স্বার্থ রক্ষা করে? সেখানে কি আসলেই জনপ্রতিনিধিরা আছেন?
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার লক্ষ্যে সত্যিকার অর্থেই সংসদ সদস্যদের জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। তানাহলে গণতন্ত্র রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠা বাঁধাগ্রস্থ হবে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্যদের হাতে যেমন স্কুল শিশু নিরাপদ নয়, ঠিক তেমনই দেশ-জাতি-জনগণ-রাষ্ট্র-গণতন্ত্র কিছুই নিরাপদ নয়।
বিবৃতিতে ন্যাপ নেতারা স্কুল ছাত্র শিশু সৌরভের পায়ে গুলি করার অপরাধে অবিলম্বে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো.মঞ্জুরুল ইসলাম লিটনকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানান।
একই সাথে জাতীয় সংসদের স্পীকারকে অনৈতিক ও জনবিরোধী কর্মকাণ্ডতথা শিশুর উপর গুলি করার মত ন্যক্কারজনক কাজের জন্য, সমগ্র সংসদ সদস্য তথা জাতীয় সংসদের ভাবমূর্তি বিনষ্টের জন্য মো.মঞ্জুরুল ইসলাম লিটনকে জাতীয় সংসদ থেতে বহিষ্কার করার জোর দাবি জানান।
এআর





