ইসরাইল সভ্য দুনিয়াকে কলঙ্কিত করছে। গাজায় তারা নির্বিচারে নারী-শিশুসহ যেভাবে সাধারণ মানুষ হত্যা করা হচ্ছে তার কোনো নিন্দার ভাষা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেছেন।
যারা মানবাধিকারের কথা বলেন, ওই সব সভ্য জাতি ইসরায়েলি গণহত্যার প্রশ্নে নীরব ভূমিকা পালন করছেন। তাদের এই নিরবতার নিন্দাও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ইসরাইল নির্মমভাবে ও ন্যাক্কারজনকভাবে মানুষ হত্যা করে চলছে অথচ এ নিয়ে পশ্চিমা বিশ্ব নির্বিকার ভূমিকা পালন করে যাচ্ছে।
অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করার জন্য ইসরাইলের ওপর কঠোর চাপ প্রয়োগের জন্য পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ইসরাইল ফিলিস্তিনের গাজা এলাকায় যেভাবে হামলা চালিয়ে মানুষ হত্যা করে যাচ্ছে, তা সভ্য দুনিয়াকে কলঙ্কিত করছে। এই হামলায় মৃত সন্তানকে বুকে নিয়ে স্বজনদের আহাজারি মানবতাকেই ধিক্কার দিচ্ছে।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ তার বিবৃতিতে, গোটা বিশ্বকে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো এবং ইসরাইলের ওপর চাপ প্রয়োগেরও আহ্বান জানান।
ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





