বাংলাদেশের শীর্ষ স্থানীয় আলেম এবং মাসিক মদীনার সম্পাদক মাওলানা মহিউদ্দীন খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।

শনিবার (২৫ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোকবাণীতে তিনি বলেন, মাওলানা মহিউদ্দীন খান বাংলাদেশের একজন শীর্ষ স্থানীয় আলেম ছিলেন। দেশের বাইরেও তার আলেম হিসাবে খ্যাতি ছিল। বাংলাদেশে ইসলামী আদর্শের প্রচার ও প্রসারে তার অনন্য ভূমিকা দেশের তৌহিদী জনতা চিরদিন স্মরণ করবে।

মকবুল আহমদ বলেন, তিনি সব ধরনের আলেম-ওলামাদের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। এদেশের আলেম-ওলামা এবং ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের প্রতীক ছিলেন। তার সম্পাদিত মাসিক মদীনা পত্রিকাটি ব্যাপক পাঠক প্রিয়তা অর্জন করেছিল। বাংলাদেশের ঘরে ঘরে পত্রিকাটি পৌঁছে গিয়েছিল। বিশেষ করে মাসিক মদীনার প্রশ্নোত্তরগুলো পাঠকরা মনযোগ সহকারে পড়তেন। তিনি মা’য়ারেফুল কুরআনের বাংলা অনুবাদ করেন এবং এ অনুবাদটি বাংলাদেশের ঘরে ঘরে পাওয়া যায়। তিনি রাবেতায় আলম আল ইসলামীর সদস্য এবং জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

মকবুল আহমদ আরো বলেন, আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং আল্লাহর কাছে তার মাগরিফরাত কামনা করছি। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তার নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

এছাড়াএ তিনি শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, আল্লাহ যেন তাদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।

এমআইএস