বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশ, দেশের প্রধানমন্ত্রীর পদ ও সংবিধানকে কলুষিত করেছেন। এই সরকার প্রতিনিয়ত বাংলাদেশকে যন্ত্রণা দিচ্ছে। আমার মনে হয়, শেখ হাসিনার মতো এতো খারাপ, মিথ্যাবাদী আরেকজন পৃথিবীতে নেই।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের মুক্তির দাবিতে ঢাকাস্থ বেতাগী উপজেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় দুদু এসব কথা বলেন।
১৯ দলের চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলে, যুদ্ধে যেভাবে মাঝখানে বিরতি হয় সেভাবেই আমরা এখন আমাদের আন্দোলনে বিরতিতে আছি। তবে হতাশ হওয়ার কিছুই নেই। আওয়ামী লীগের মন্ত্রী পরিষদেই হবে গণতন্ত্রের বিস্ফোরণ। তাদের বিচার হবে গুলিস্থান মোড়ে।
আক্ষেপ করে দুদু বলেন, আমার ইচ্ছে হয়, শেখ হাসিনা যে কয়দিন ক্ষমতায় আছেন, সে কয়দিন জেলে থাকি। যদি মাওলানা ভাসানী ও শেখ মুজিব বেঁচে থাকতেন তাহলে শেখ হাসিনার কর্মকাণ্ড দেখে মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতেন।”
তিনি বলেন, নির্বাচনে জিতলে প্রতিপক্ষকে মুক্ত করে দেয়া হয়। কিন্তু ৫ জানুয়ারির নির্বাচনের পর বাংলাদেশে প্রতিদিন একের পর এক লাশ পড়ছে।
নেতাকর্মীদের উদ্দেশে দুদু বলেন, “আপনারা ছেঁড়া জুতা ফেলবেন না, কাছে রাখবেন। মারার অনেক লোক পাবেন। সঙ্গে একটি আড়াই হাত লাঠিও রাখতে পারেন। দেখছেন না, আওয়ামী লীগ চলার পথে এদিকে-ওদিক তাকিয়ে চলে।
সঙ্গে পুলিশও রাখে। তারপরেও গতকাল একজন জুতা খেয়েছেন। এর আগেও কয়েকজন এ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবিএম কাইউম। বক্তব্য দেন বিএনপির সহ-সেচ্ছাসেবক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল ও বরগুনা বিএনপির নেতারা।
[b]ঢাকা, এমএইচ, ০১ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)// কেবি [/b]