জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগের এমপি ফরিদুল হক খান দুলাল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
বুধবার (০৩ জুন) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের নমুনা পরীক্ষার পর তার দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়।
এনিয়ে ৪ জন এমপি করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
ফরিদুল হক খান দুলাল বলেন, আমি করোনা ভাইরাসে আক্রান্ত। আমার জন্য দোয়া করবেন। এছাড়াও ওই জেলার ইসলামপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানও আক্রান্ত হয়েছেন। তারাও সবাই ভালো আছেন।
এমপি দুলাল আরও বলেন, আমার শরীরে করোনার তেমন কোনো উপসর্গ নেই। তারপরেও পজিটিভ এসেছে। জামালপুরের গ্রামের বাড়িতে আইসোলেশনে আছি। আজ-কাল পরিস্থিতি দেখব। অবনতি হলে ঢাকায় যাব। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি হবো।
এর আগে চট্টগ্রাম-৬ আসনের এমপি এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল করোনায় আক্রান্ত হন।
এর মধ্যে শহীদুজ্জামান সরকার ও এবিএম ফজলে করিম চৌধুরী করোনাকে জয় করেছেন।
এমবি





