রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

আজ (০৬ এপ্রিল) মঙ্গলবার রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এই খবর জানিয়েছেন।

গত ১৬ মার্চ রুহুল কবির রিজভীর করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরে ১৭ মার্চ তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে পাঁচ দিন আগে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।

আরিফুর রহমান বলেন, “হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, রুহুল কবির রিজভীর অক্সিজেন স্যাচুরেশনের কিছুটা উন্নতি হয়েছে। সার্বিক অবস্থাও ভালো। বর্তমানে তাঁর জ্বর নেই, কাশিও কমছে। প্রতিদিন এক্সরে করে তাঁর ফুসফুসের অবস্থা দেখা হয়। আজ এক্সরের রিপোর্ট আরেকটু ভালো পাওয়া গেছে। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন।”

রুহুল কবির রিজভী আশু রোগমুক্তির জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন আরিফুর রহমান।

এমবি