আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।

আজ (১৪ জুন) রোববার সকাল ১০টা ৩৫ মিনিটে বনানীতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টা ৩৫ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে সোবহানবাগ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় মোহাম্মদ নাসিমের।

জানাজার পর নাসিমকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তার মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর বনানী কবরস্থানে মায়ের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

গতকাল (শনিবার) বেলা ১১টা ১০ মিনিটে মোহাম্মদ নাসিমের মৃত্যুর ঘোষণা দেয়া হয়। এর আগে টানা প্রায় দুই সপ্তাহ রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে ০১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ০৫ জুন ভোরে তিনি স্ট্রোক করেন।

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর দুই দফায় ৭২ ঘণ্টায় করে পর্যবেক্ষণে রাখে মেডিকেল বোর্ড।

মোহাম্মদ নাসিম বর্তমান সরকারের খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের ছিলেন তিনি।

এমবি