দেশে এখন গণতন্ত্রের সংকট চলছে। এই সংকটের কারণে দেশে অথর্নীতি ও সামাজিক সংকট সৃষ্টি হয়েছে। গোটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আর এসব কারণে দেশের মানুষ এখন চরম হতাশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমান।
শনিবার দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে সামাজিক সংগঠন 'আমরা ক’জন' এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে প্রকৃত অর্থে দুর্যোগ চলছে। এই দুর্যোগ কাটিয়ে উঠতে হবে। গোটা বিশ্ববাসী এ বিষয়ে উদ্বিগ্ন। তারা সকলেই চাচ্ছে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। কারণ তারা সকলেই চায় বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক।
বর্তমান সংসদে গণমানুষের সম্পৃক্তা নেই উল্লেখ করে তিনি বলেন, সংবিধানে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হওয়ার কথা। সেখানে জনগণ ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়নি। তাই এই সংসদ বে-আইনি ও নৈতিকভাবে অবৈধ হয়ে গেছে। তাই আমরা বলবো এই সংসদকে আর প্রলন্বিত করার সুযোগ নেই। যতদ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে সরকার।
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপিকা ফাতেমা সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনটির নেতৃবৃন্দ।
ঢাকা, এমএইচ, ১৫ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম) // কেএইচ