১৯ দলীয় জোটের আজকের কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল কর্মসুচির অনুমতি দেয়নি ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি)। তবে অনুমতি না পেলেও ১৯ দলের কালো পতাকা মিছিল কর্মসুচি পালিত হবে বলে জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ। বিএনপির দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ অনুমতি না দিলেও ১৯ দল যথারীতি রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে তাদের কর্মসূচী পালন করবে। 
এদিকে সকাল থেকে বিএনপির নয়া পল্টনের দলীয় কার্যালয়ের সামনে অন্যান্য দিনের তুলনায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি অবস্থান লক্ষ্য করা গেছে।
দলীয় কার্যালয়ের আশেপাশে পুলিশের উপস্থিতি যেমন বাড়ানো হয়েছে, তেমনি একটি জলকামান, একটি রায়টকার ও কয়েকটি প্রিজনভ্যানের দেখা গেছে।
দলীয় কার্যালয়ে প্রবেশ করতে কোনো নেতাকর্মীকে পুলিশের পক্ষ থেকে বাধা না দিলেও সকালের দিকে  নেতাকর্মী শুন্য ছিল।
তবে দলের সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি এসে দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন।
অন্যদিকে দুপুর সোয়া ১২টার দিকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  দলীয় কার্যালয়ে আসলেও তিনি সাংবাদিদের সাথে কোনো কথা বলতে রাজি হননি।
দুপুর ১টার দিকে দলের অপর সহ-দফতর সম্পাদক আসাদুল করীম শাহীনও  দলীয় কার্যালয়ে আসেন।
আজকের কর্মসুচি ও দলের সার্বিক বিষয়ে দলের কোনো প্রেস ব্রিফিং করা হবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ভারপ্রাপ্ত মহাসচিবের পক্ষে দলের সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি সাংবাদিকদের জানিয়ে দেন যে, সন্ধ্যা ৬টায় চেয়ারপার্সনের কার্যালয়ে আজকের কর্মসুচি ও দলের সার্বিক বিষয় মহাসচিব সাংবাদিকদের অবহিত করবেন।
[b]ঢাকা, এমএইচ, ২৯ জানুয়ারি (টাইম নিউজবিডি.কম)// টিআই[/b]