দেশের অর্থনীতির অবস্থা ভাল নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নাগরিক ঐক্য ফোরামের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারের মন্ত্রী-এমপিরা এখন চাপাবাজি করছেন। তারা বলছেন দেশের অর্থনৈতিক অবস্থা নাকি আগের চেয়ে অনেক ভাল রয়েছে। মান্না বলেন, আপনাদের সৎ সাহস থাকলে বিশিষ্ট অর্থনীতিবিদদের সাথে বসুন। তাহলে দেশের অর্থনৈতিক অবস্থার হালচাল বুঝতে পারবেন।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে দিতে গিয়ে তিনি এ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

লুটপাট-দুর্নীতির মাধ্যমে সরকার দেশের অর্থনীতির মেরদণ্ড ভেঙে ফেলেছে উল্লেখ করে তিনি বলেন, সরকার গণতন্ত্র বাদ দিয়ে দেশে অর্থনীতির উন্নয়ন ঘটাতে চাচ্ছে। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া কোনভাবেই দেশের অর্থনীতির উন্নয়ন হতে পারে না।

ফোরামের প্রধান সমন্বয়কারী আহমদ আবু জাফরের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকুমল বড়ুয়া, আব্দুল ওয়াদুদ এমপি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ও দৈনিক আমার দেশের সিনিয়র রিপোর্টার মাহমুদা ডলি।

৫জানুয়ারির ভন্ডামির নির্বাচনের মাধ্যমে সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে উল্লেখ করে তিনি বলেন, সম্প্রচার নীতিমালার মাধ্যমে এখন গণতন্ত্রের বাকি লেশটুকুও চিরতরে বিদায় করার চেষ্টা করছে সরকার।

ড. সুকুমল বড়ুয়া বলেন, জনমতকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী ইনুর পরামর্শে সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছে। কিন্তু ইনু জনরোষ থেকে সরকারকে রক্ষা করতে পারবে না।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই