বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু জামিনে মুক্তি পেয়েছেন। তবে অসুস্থতার কারণে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) ভর্তি হয়েছেন।
চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, বুধবার সন্ধ্যার পর ফালু জামিনে মুক্তি পান। এরপর রাতেই তিনি বারডেম হাসপাতালে ভর্তি হন।
এদিকে মুক্তি পেলেও হাসপাতালে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফালুকে ঘিরে গোয়েন্দা পুলিশের নজরদারি রয়েছে বলে জানা গেছে।
বাড্ডা থানায় বিস্ফোরক আইনে দায়ের মামলায় গত ১লা ফেব্রুয়ারি ফালুকে গ্রেফতার করে পুলিশ। ১৮ জুন বৃহস্পতিবার বিচারপতি নুরুজ্জামান নবী ও বিচারপতি আব্দুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।
এআর





